সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়ে নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা গুনতে হচ্ছে অভিভাবকদের। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ঢাকা মহানগরীর বাংলা মাধ্যম স্কুলে ভর্তি ফি সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে ১০ হাজার টাকা। কিন্তু অভিযোগ উঠেছে, অনেক স্কুল এই সীমা মানছে না। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য কোথাও কোথাও ১৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
উন্নয়ন ফি, পরিচয়পত্রের ফি, বিদ্যুৎ বিল, জেনারেটর চার্জসহ নানা খাত দেখিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ। আর বিদেশি শিক্ষাক্রমে পরিচালিত ইংরেজি মাধ্যমের কিছু স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির খরচ লাখ টাকা ছাড়িয়ে যাচ্ছে। উত্তরার একটি নামী স্কুলে সন্তানকে বাংলা মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি করাতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখে পড়েছেন মো. রবিউল ইসলাম। স্কুল কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, ভর্তির জন্য দিতে হবে ১৭ হাজার ৩০০ টাকা। অথচ নির্ধারিত নীতিমালা অনুযায়ী এ ক্ষেত্রে সর্বোচ্চ ফি হওয়ার কথা ৮ হাজার টাকা।
অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে ওই স্কুলের এক কর্মকর্তা দাবি করেছেন, তাঁদের প্রতিষ্ঠান পুরোপুরি বেসরকারি। তাই নির্ধারিত ফির সীমা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর মতে, পুরোপুরি বেসরকারি স্কুলগুলোর জন্য আলাদা ভর্তি নীতিমালা থাকা প্রয়োজন। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, নীতিমালা উপেক্ষা করে অতিরিক্ত ভর্তি ফি আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত ফির বাইরে অর্থ আদায় হচ্ছে কি না, তা নিয়মিত নজরদারিতে রাখা হবে।
নতুন ভর্তি নীতিমালায় শুধু ভর্তি ফি নয়, আবেদন ফরমের মূল্য এবং এলাকাভেদে সেশন চার্জসহ মোট ফির সীমাও নির্ধারণ করা হয়েছে। মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগরে ৩ হাজার টাকা পর্যন্ত নেওয়ার বিধান রয়েছে। ঢাকা মহানগরীর এমপিওভুক্ত স্কুলে সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং আংশিক এমপিওভুক্ত স্কুলে বাংলা মাধ্যমে ৮ হাজার ও ইংরেজি ভার্সনে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন খাতে আদায় করা যাবে সর্বোচ্চ ৩ হাজার টাকা। নিয়ম ভেঙে অতিরিক্ত অর্থ নিলে এমপিও বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়ার বিধানও রয়েছে।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু অভিযোগ করেছেন, অনেক স্কুল সেশন ফি, উন্নয়ন ফি, বিদ্যুৎ বিল ও জেনারেটর চার্জের নামে বছরে ৭ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করে। তাঁর প্রশ্ন, প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে উন্নয়ন ফি নেওয়ার প্রয়োজন কেন? তিনি এসব অতিরিক্ত ফি বন্ধের দাবি জানিয়েছেন। শিক্ষাবিদদেরও মত, শুধু নীতিমালা প্রকাশ করলেই হবে না, এর শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এখন অভিভাবকদের মূল দাবি—ভর্তির নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে শিক্ষা মন্ত্রণালয়কে কার্যকর নজরদারি ও কঠোর ব্যবস্থা নিতে হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন