রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এবার মিরপুরের সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় দাঁড়িয়ে থাকা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিন ফার্মগেটেও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, আদালত প্রাঙ্গণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মিরপুরে বাসটিতে আগুন দেওয়া হয়। হঠাৎ বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত তা নেভানোর চেষ্টা করেন। পল্লবী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।
এর আগে একই দিন সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যার পর আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকা, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকসংলগ্ন বাস পার্কিং এলাকা।
ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে রোববার রাত পর্যন্ত দুই দিনে রাজধানীর অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে রাজধানীতে তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত তিন দিনে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে রাজধানীর বাইরেও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত গভীর রাত থেকে সোমবার সন্ধ্যার মধ্যে সাভার, বরগুনা ও গাজীপুরে পৃথক ঘটনায় আরও পাঁচটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানী ও আশপাশের এলাকায় ধারাবাহিক এসব অগ্নিসংযোগ এবং বিস্ফোরণের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ বলছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন