জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তাঁর।
মঙ্গলবার ১০ নভেম্বর সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম শীর্ষ সম্মেলনে অংশ নিতেই তাঁর এই সফর। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সফরসূচি অনুযায়ী, তুরস্কের আন্তালিয়ায় পৌঁছানোর পরদিন সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব, বৈশ্বিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তিন দিনের সফর শেষে শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন