পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনিক পরিবর্তনের পর ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। আগের সরকারের ঘোষিত দুই দিনের ছুটি কমিয়ে এবার একদিনের ছুটি নির্ধারণ করেছে নতুন প্রশাসন। শনিবার (২৩ মে) রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র নতুন এক বিজ্ঞপ্তি জারি করে জানান, কোরবানির ঈদ উপলক্ষে আগামী ২৮ মে শুধু একদিনের সরকারি ছুটি থাকবে। এর আগে পূর্ববর্তী সরকারের আমলে দুই দিনের ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন প্রশাসনের সময় ২০২৬ সালের শুরুতে ঈদ উপলক্ষে ২৬ ও ২৭ মে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন প্রশাসন সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে একদিনে সীমিত করেছে। নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে। বর্তমান রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসন সরকারি দপ্তরে শৃঙ্খলা ফেরানো, কর্মসংস্কৃতি জোরদার করা এবং অপ্রয়োজনীয় ছুটি কমিয়ে জনসেবা গতিশীল করার ওপর গুরুত্ব দিচ্ছে।
এছাড়া সরকারি কর্মীদের উপস্থিতি ও দপ্তর পরিচালনায় কঠোর নজরদারি আরোপ করা হয়েছে বলেও প্রশাসনিক সূত্রে জানা গেছে। নতুন সিদ্ধান্ত ঘোষণার পর সরকারি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, আসন্ন দুর্গাপূজার ছুটির তালিকাতেও কোনো পরিবর্তন আসতে পারে কি না। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখেই ছুটির নীতি নির্ধারণ করা হচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন