শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে এবার আসতে পারে নতুন নিয়ন্ত্রণ। ১৬ বছর বা তার কম বয়সীদের জন্য নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুধু তাই নয়, শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব যাচাই করতে বিশেষজ্ঞদের নিয়ে স্বাধীন কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে এই নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠন করতে হবে। এ উদ্যোগ নিতে টেলিযোগাযোগ, নারী ও শিশুবিষয়ক, স্বাস্থ্য ও আইন মন্ত্রণালয়ের সচিবদের পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
রুলে আদালত জানতে চেয়েছেন, ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা তৈরিতে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না। সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীরের দাবি, দেশে এ বিষয়ে নির্দিষ্ট নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তাদের মধ্যে একাকিত্ব, হতাশাসহ বিভিন্ন মানসিক সমস্যা দেখা দিতে পারে এবং স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।
রিটে তুলে ধরা হয়েছে ঢাকার শিশুদের ওপর পরিচালিত একটি গবেষণার তথ্য। সেখানে দেখা গেছে, পাঁচ শিশুর মধ্যে চারজনেরও বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় বিভিন্ন পর্দার সামনে কাটায়। স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও খেলাধুলার যন্ত্র মিলিয়ে তাদের দৈনিক গড় ব্যবহার প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা। গবেষণায় আরও উঠে এসেছে, এক-তৃতীয়াংশের বেশি শিশুর চোখের সমস্যা রয়েছে এবং প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। দীর্ঘ সময় পর্দা ব্যবহার করা শিশুদের ঘুমও কম। তারা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এই বয়সে সুস্থ বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রয়োজন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম।
এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া প্রায় ১৪ শতাংশ শিশুর অতিরিক্ত ওজন বা স্থূলতার তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে হাইকোর্টের এই নির্দেশের অর্থ এখনই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ হয়ে যাওয়া নয়। বরং শিশুদের নিরাপত্তা ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে একটি নীতিমালা তৈরির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন