রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একটি সামরিক পরিবহন বিমানের ১৯ আরোহী। মঙ্গলবার ১৭ নভেম্বর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কেমেরোভো অঞ্চলে এএন-১২ সামরিক পরিবহন বিমানটি বিধ্বস্ত হলে বিমানে থাকা সবাই নিহত হন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, নির্ধারিত ফ্লাইটে থাকা বিমানটি কেমেরোভো অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। বিমানে ক্রুসহ মোট ১৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর তাদের কারও প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৭ জন বলে জানানো হয়েছিল। পরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে, দুর্ঘটনায় মোট ১৯ জন নিহত হয়েছেন।
প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, কারিগরি ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে। রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক রাজধানী কেমেরোভোর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, আকাশে থাকা অবস্থায় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর সেটি দ্রুত নিচের দিকে নেমে এসে মাটিতে আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয়।
কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক জানিয়েছেন, ইয়াগুনোভো এলাকায় একটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। পরে এক ভিডিও বার্তায় তিনি জানান, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তবে বিমানটি ঠিক কী কারণে কারিগরি সমস্যায় পড়েছিল এবং দুর্ঘটনার আগে সেটিতে কোনো অস্বাভাবিকতা দেখা দিয়েছিল কি না, তা তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন