রাজধানীতে যাত্রীবাহী বাসে একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পল্লবী, মহাখালী ও বাড্ডার পর এবার রামপুরায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ১৭ নভেম্বর রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান মিয়া বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই রাতে রাজধানীর আরও তিনটি এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিকস রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়।
এরপর রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এর এক ঘণ্টা পর, রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসাইন মার্কেটের সামনেও বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। সবশেষে রাত সোয়া ১১টায় রামপুরায় রাইদা পরিবহনের বাসে আগুন দেওয়ার মধ্য দিয়ে এক রাতেই রাজধানীর চারটি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল। ধারাবাহিক এসব ঘটনায় জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন