লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য ও অমার্জনীয়’ উল্লেখ করে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, সাম্প্রতিক হামলায় একাধিক শান্তিরক্ষী নিহত ও আহত হয়েছেন, যা আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার জন্য গভীর উদ্বেগজনক। এই প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে প্যারিস।
ফরাসি পররাষ্ট্র দপ্তর জানায়, ২৯ মার্চ গুলিবর্ষণের ঘটনায় একজন শান্তিরক্ষী নিহত ও কয়েকজন আহত হন। পরদিন পৃথক বিস্ফোরণে আরও প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া দক্ষিণাঞ্চলের একটি এলাকায় শক্তিশালী বিস্ফোরণে শান্তিরক্ষীদের একটি যান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এ ঘটনায় লেবাননে দায়িত্ব পালনরত ফরাসি শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স। একইসঙ্গে ইসরায়েলি বাহিনীর ভীতি প্রদর্শনমূলক আচরণের কড়া সমালোচনা করে প্যারিসে নিযুক্ত সংশ্লিষ্ট রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
ফ্রান্স সকল পক্ষকে আন্তর্জাতিক নিয়ম মেনে চলা এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে শান্তিরক্ষী বাহিনীকে তাদের দায়িত্ব পালনে পূর্ণ স্বাধীনতা দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফ্রান্স বলেছে, এই ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর যথাযথ জবাব আন্তর্জাতিক পরিসরেই দিতে হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন