পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমিয়ে দুই দেশকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পাকিস্তান গঠনমূলক মধ্যস্থতা করতে প্রস্তুত। রোববার (২৯ মার্চ) ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আয়োজিত দুই দিনের বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিশ্রুতি জানান। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সংঘাতের কারণে মানবিক বিপর্যয় রোধে সমন্বিত উদ্যোগ এখন জরুরি।
বৈঠকে অংশ নেওয়া তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা আলোচনাও করেন শেহবাজ শরীফ। সেখানে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, সংঘাত অব্যাহত থাকলে তা শুধু মানবিক সংকটই নয়, বরং পুরো অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তা কাঠামোকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগের ভূমিকা পালন করলেও এবার পাকিস্তান সেই মধ্যস্থতার অবস্থানকে আরও আনুষ্ঠানিক রূপ দিতে চাইছে। সৌদি আরব ও তুরস্কের সমর্থন এই উদ্যোগকে আরও গুরুত্ব দিয়েছে। তবে এই প্রচেষ্টা কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইরানের রাজনৈতিক সদিচ্ছার ওপর। কারণ দুই দেশই একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে।
পাকিস্তানের এই কূটনৈতিক পদক্ষেপকে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যদিও বাস্তব অগ্রগতি এখনো অনিশ্চিত।
সূত্র: বিবিসি
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন