ইরানে শাসন পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নিজ দেশের রাজনীতিক ও নীতি-নির্ধারকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, বার্নিয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষকেই ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এমন ধারণা দিয়েছেন, যেখানে দ্রুত সরকার পতনের সম্ভাবনার কথা বলা হয়েছিল। তবে বাস্তবে সেই ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হওয়ায় তার দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশেষ করে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি নাকি মার্কিন নীতি-নির্ধারকদের এমন ধারণা দেন যে, যুদ্ধ পরিস্থিতিতে ইরানের ভেতরে দ্রুত বিদ্রোহ শুরু হয়ে সরকারের পতন ঘটতে পারে। কিন্তু পরবর্তী সময়ে সেই পূর্বাভাস বাস্তবায়িত না হওয়ায় বিষয়টি বিতর্ক তৈরি করে। তবে কিছু বিশ্লেষণে বলা হচ্ছে, এসব অভিযোগ আংশিক ব্যাখ্যার ওপর ভিত্তি করে তৈরি হতে পারে। বার্নিয়ার ঘনিষ্ঠ সূত্র দাবি করছে, তিনি সবসময়ই পরিস্থিতিকে শর্তসাপেক্ষভাবে উপস্থাপন করেছিলেন এবং কখনোই দ্রুত পতনকে নিশ্চিত হিসেবে দেখাননি। অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান ইস্যুতে ইসরায়েলের দীর্ঘমেয়াদি কৌশল ও বর্তমান যুদ্ধ পরিস্থিতির জটিলতা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যেও মতপার্থক্য রয়েছে।
বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ের বাস্তবতা প্রত্যাশার চেয়ে অনেক জটিল হওয়ায় এখন গোয়েন্দা তথ্য ও রাজনৈতিক সিদ্ধান্তের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন