ঝিনাইদহের কালীগঞ্জে উলাদ হোসেন নামের স্থানীয় এক বিএনপি কর্মীকে মারধর করে চুল ধরে টানতে টানতে থানায় নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনা শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ থানার সামনে ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের দলীয় কার্যালয়ে মহারাজপুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের নিয়ে নির্বাচন পরবর্তী করণীয় বিষয়ে একটি সভা চলছিল। সভার মাঝে নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে, তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় একপক্ষ কালীগঞ্জ থানায় ঢুকে পড়ে এবং সেখানে দ্বিতীয় দফায় সংঘর্ষ বেধে যায়। এই ঘটনায় তিন পুলিশসহ মোট ১০ জন আহত হন।
পুলিশের দাবি, বিএনপির নেতাকর্মীরা থানায় ঢুকে পুলিশের ওপর হামলা চালিয়েছেন, যার কারণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে মানবাধিকারকর্মী আনোয়ারুজ্জামান আজাদ ভিডিওটি দেখে বলেন, "যতটা দুঃখজনক পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা, ততটাই চরম মানবাধিকার লঙ্ঘন যুবককে মারধর এবং চুল ধরে টানতে টানতে থানায় নিয়ে যাওয়া।" তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন কালের কণ্ঠকে বলেছেন, "আপনার যা ভালো মনে লাগে তাই লেখেন।"
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন