ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা মেনে চলার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তাদের বক্তব্য, যেকোনো সামরিক অভিযান শুরুর আগে কংগ্রেসের সঙ্গে পরামর্শ ও আনুষ্ঠানিক অনুমোদন বাধ্যতামূলক। ফ্লোরিডা থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি ডেবি ওয়াসারম্যান শুলৎস বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে বিবেচনার কারণ এবং সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা স্পষ্ট করতে হবে প্রেসিডেন্টকে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০০৩ সালে ইরাক আক্রমণের আগে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কংগ্রেসের অনুমোদন নিয়েছিলেন।
মার্কিন সিনেটে ডেমোক্র্যাট সংখ্যালঘু নেতা চাক শুমার বলেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার লক্ষ্য ও যৌক্তিকতা এখনো পরিষ্কার করা হয়নি। যুদ্ধ ঘোষণার ক্ষমতা একমাত্র কংগ্রেসের এবং এ ক্ষেত্রে ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’ কার্যকর করা উচিত।
সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির জ্যেষ্ঠ সদস্য জ্যাক রিড সতর্ক করে বলেন, আগাম সামরিক হামলা কৌশলগত ভুল হতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তার ভাষায়, যুদ্ধ শুরু করা সহজ হলেও শেষ করা কঠিন।
অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে চাপ দিতে সীমিত সামরিক বিকল্প বিবেচনায় রয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি বলেছেন, তাদের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই; কূটনৈতিক পথই একমাত্র কার্যকর উপায়।
সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করা হলেও এ বিষয়ে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করার অভিযোগ উঠেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন