শ্যাফট বিকল হয়ে ৩ দিন ধরে সাগরে ভাসতে থাকা একটি ফিশিং বোটের ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্টগার্ড মিডিয়া (ঢাকা) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) একটি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে যাত্রা করে। এরপর শ্যাফট বিকল হওয়ার কারণে ফিশিং বোটটি সমুদ্রে ভাসতে থাকে। ৩ দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোটটি রোববার (১৭ আগস্ট) সকালে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে ওই বোটের একজন জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ ফোন করে বিষয়টি জানান। তাৎক্ষণিক সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করেন। স্বল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন নম্বর-৫ বয়ার সমুদ্র এলাকা হতে ৮ জন জেলেসহ ফিশিং বোটটিকে উদ্ধার করা হয়।’
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হাড়বারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরণের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন