ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন কোনো সুনির্দিষ্ট আশঙ্কা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ শামসুল হক। এ বিষয়ে পুলিশেরও বিশেষ কোনো নিরাপত্তা উদ্বেগ নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জঙ্গল সলিমপুরে নতুন করে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া হবে না জানিয়ে ডিআইজি বলেন, যেকোনো পরিস্থিতিতে এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা হবে। এ লক্ষ্যে র্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সমন্বয়ে নিয়মিত যৌথ টহল পরিচালিত হচ্ছে। কোনোভাবেই সেখানে নতুন করে সন্ত্রাসীদের ঘাঁটি গড়ে উঠতে দেওয়া হবে না। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করাই পুলিশের দায়িত্ব। বর্তমানে জঙ্গল সলিমপুরের বাসিন্দারা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছেন। তাদের দৈনন্দিন কর্মকাণ্ড ও ব্যবসা-বাণিজ্যও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। এরপরও কারও কোনো অভিযোগ বা সমস্যা থাকলে তা শুনে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জনগণের সহযোগিতা নিয়ে পুলিশ কাজ করতে আগ্রহী উল্লেখ করে শামসুল হক বলেন, সাধারণ মানুষ যাতে কোনো ধরনের সমস্যায় না পড়েন কিংবা ক্ষতির শিকার না হন, সেটিই পুলিশের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সেগুলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তবে সব সিদ্ধান্তের ক্ষেত্রে জনস্বার্থ ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এলাকার সড়ক নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন ডিআইজি। তিনি বলেন, প্রথমেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের চলাচল, জরুরি চিকিৎসাসেবা গ্রহণ এবং শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। ফটিকছড়িতে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ডিআইজি জানান, সেখানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন