রাতের গভীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও আগুন দেওয়ার চেষ্টা। বাড়ির ভেতরে তখন ছিলেন তার বাবা-মা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই প্রতিবেশীরা ছুটে এসে তা নিয়ন্ত্রণে আনেন। আর এই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। রোববার খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, হামলার ঘটনায় জড়িত চারজনের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শনাক্ত হওয়া তিনজন হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। পুলিশ জানিয়েছে, চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তবে চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার পর সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বাড়ির ছাদে পেট্রোলবোমা নিক্ষেপের পাশাপাশি কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। হঠাৎ ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘুম থেকে ওঠেন সাদিক কায়েমের বাবা আবুল কাশেম। বাইরে বের হওয়ার চেষ্টা করতেই তিনি বাড়ির চারপাশে আগুন জ্বলতে দেখেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান বাড়িতে থাকা সাদিক কায়েমের বাবা-মা।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনার পর সকালে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করেছেন এবং দরজার সামনে কেরোসিন ঢেলে পুরো বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছেন।
এখন পুলিশের হাতে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। হামলার পেছনে কারা ছিল এবং কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তদন্তে সেটিই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন