মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সম্মিলিত ও সর্বাত্মক অভিযান শুরু করেছিল। সেই অভিযান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে আরও ত্বরান্বিত করেছিল। শুক্রবার ২০ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব বীর শহিদের স্মৃতির প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্বকে সুদৃঢ় করেছিল। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের এই অগ্রযাত্রাকে পরবর্তী সময়ে আরও এগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাহিনীর সম্প্রসারণের পাশাপাশি প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ নীতি’ গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতিতেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়াচ্ছে।
তিনি আরও বলেন, দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব এবং জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন—এটাই জাতির প্রত্যাশা। সবশেষে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন এবং বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন