বাংলাদেশে রাজস্ব আদায়ের দুর্বলতা, অনুন্নয়ন ব্যয় বৃদ্ধি এবং জ্বালানি খাতে ভর্তুকির চাপের কারণে উন্নয়নমূলক বিনিয়োগ কমে যাচ্ছে। এমন সতর্কতা দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার প্রকাশিত সংস্থাটির নতুন প্রতিবেদন ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’-এ দেশের সরকারি অর্থব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। বিশ্বব্যাংকের মতে, এ লক্ষ্য অর্জনে রাজস্ব সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে। পাশাপাশি সব খাতে নির্বিচারে ভর্তুকি না দিয়ে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট সহায়তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির পাঁচটি প্রধান দুর্বলতার কথা উল্লেখ করা হয়েছে।
প্রথমত, কর্মসংস্থান সৃষ্টিতে স্থবিরতা রয়েছে। তরুণ জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। কর্মক্ষম নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই শ্রমবাজারের বাইরে রয়েছেন। অন্যদিকে, দেশের মোট শ্রমশক্তির ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত।
দ্বিতীয়ত, রাজস্ব আদায়ের হার অত্যন্ত কম। ২০২৪-২৫ অর্থবছরে দেশের কর-জিডিপি অনুপাত ছিল মাত্র ৬ দশমিক ৮ শতাংশ, যা একই পর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অর্ধেকেরও কম।
তৃতীয়ত, উন্নয়ন ও শিক্ষা খাতে ব্যয় সংকুচিত হয়েছে। ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন খাতে মূল ব্যয় জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ থাকলেও ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে এসেছে ২ দশমিক ৮ শতাংশে। একই সময়ে শিক্ষায় সরকারি ব্যয় দাঁড়িয়েছে জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশে।
চতুর্থত, ঋণের সুদ পরিশোধের ব্যয় বাড়ছে। ২০১৬-১৭ অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় ছিল জিডিপির ১ দশমিক ৫ শতাংশ। চলতি ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ২ দশমিক ৬ শতাংশে পৌঁছাতে পারে। সরকার অভ্যন্তরীণ ব্যাংকব্যবস্থা থেকে বেশি ঋণ নেওয়ায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
পঞ্চমত, জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ বেড়েছে। বিদ্যুৎ ও গ্যাস খাতে ২০১৭-১৮ অর্থবছরে ভর্তুকি ছিল জিডিপির ০ দশমিক ৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও বাড়লে এ খাতে সরকারের ব্যয়ের চাপ বাড়তে পারে।
রাজস্ব আয় বাড়াতে বিশ্বব্যাংক পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের সুপারিশ করেছে।
প্রথম সুপারিশ হলো কর প্রশাসনের আধুনিকায়ন। এ ক্ষেত্রে করনীতি প্রণয়ন এবং কর প্রশাসনের দায়িত্ব আলাদা করার পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো ও একক করদাতা শনাক্তকরণ নম্বর চালুর কথা বলা হয়েছে।
দ্বিতীয়ত, কর অব্যাহতি ও ছাড় কমানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। ২০২১-২২ অর্থবছরে কর ছাড়ের পরিমাণ ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা প্রায় মোট আদায় করা কর রাজস্বের সমান। এ পরিস্থিতি থেকে উত্তরণে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাণিজ্য শুল্ক ব্যবস্থায় সংস্কার এবং অপ্রয়োজনীয় কর ছাড় প্রত্যাহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তৃতীয়ত, জ্বালানির মূল্য নির্ধারণ পদ্ধতিতে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। এ জন্য একটি স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা গঠন এবং উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মতান্ত্রিকভাবে জ্বালানির দাম নির্ধারণের কথা বলা হয়েছে।
চতুর্থত, ভর্তুকি ব্যবস্থাকে আরও লক্ষ্যভিত্তিক করার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ২২ দশমিক ৫ শতাংশ হয়েছে। এ অবস্থায় সবার জন্য ঢালাও ভর্তুকি না দিয়ে শক্তিশালী সামাজিক নিবন্ধন ব্যবস্থা ও ‘ফ্যামিলি কার্ড’ প্ল্যাটফর্মের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার সুপারিশ করা হয়েছে।
পঞ্চমত, রাজস্ব সংস্কারের মাধ্যমে অর্জিত অতিরিক্ত অর্থ জনকল্যাণমূলক খাতে ব্যয়ের ওপর জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামো উন্নয়নে এসব অর্থ বিনিয়োগের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বিশ্বব্যাংকের হিসাব বলছে, প্রস্তাবিত সংস্কারগুলো পূর্ণাঙ্গভাবে কার্যকর করা সম্ভব হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়ে ৫ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন