যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আগামীকাল ২১ নভেম্বর পালিত হবে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। এ উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। মোনাজাতে দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নয়ন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হবে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিবসটি পালনের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করেছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর তিন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। পরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর নির্ধারিত কার্যালয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। সেখানে কিছু সময় অবস্থানের পর বাহিনী প্রধানরা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।
দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সামরিক ও বেসামরিক পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা অংশ নেবেন। এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের স্বজনদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
ঢাকার পাশাপাশি সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতেও বিভিন্ন কর্মসূচি এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর বিশেষভাবে সাজানো জাহাজগুলো বেলা ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সাধারণ মানুষের পরিদর্শনের জন্য নির্ধারিত ঘাটে নোঙর করে রাখা হবে। সশস্ত্র বাহিনী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বেতারে প্রচারিত হবে ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান। পরবর্তী সময়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও অনুষ্ঠানটি পর্যায়ক্রমে দেখানো হবে।
দিবসটি উপলক্ষে শনিবার দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। পাশাপাশি সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন