শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, হাদি মুক্তির দাবিতে রাজপথে নেমেছিলেন। তাই এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার অন্যতম কারণ হলো, এর সঙ্গে ভারতের জড়িত থাকার অভিযোগ। শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজারে ইনকিলাব মঞ্চের আয়োজনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ সংগঠনটির বিভিন্ন দাবিতে দেশজুড়ে এই পদযাত্রার আয়োজন করা হয়।
এর আগে জুমার নামাজের পর একই দাবিতে কক্সবাজার শহরে মিছিল করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে সংগঠনটির সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা এবং কক্সবাজারের জুলাই যোদ্ধারা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে শহীদ পরিবারের অভিশাপে দিল্লি ভেসে যেতে হবে।
এ সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। এ ছাড়া এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানায় সংগঠনটি। কর্মসূচিতে আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন