বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস আকস্মিকভাবে ঢাকায় এসেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত প্রায় ৩টার দিকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অবস্থান নেন তিনি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত বাংলাদেশে থাকার কথা রয়েছে তার। তবে এবারের সফরের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এটি ব্যবসায়িক উদ্দেশ্যে, নাকি অন্য কোনো কারণে—তা নিয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশে প্রায় তিন বছর মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন পিটার হাস। ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর তিনি দেশটির বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ-সংশ্লিষ্ট কার্যক্রমও তদারকি করছেন।
রাষ্ট্রদূতের দায়িত্বে থাকাকালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে নানা সময়ে আলোচনায় আসেন পিটার হাস। বিশেষ করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ২০২৩ সালের ২৫ মে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। সেখানে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি এবং এ বিষয়ে দলগুলোর প্রতিনিধিদের অবস্থান তুলে ধরা হয়। ওই দিন তিনি জানান, গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা ব্যক্তিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার নীতি কার্যকর হবে। এর আগে, ২৪ মে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের নীতি ঘোষণা করেছিলেন। পিটার হাসের বক্তব্য অনুযায়ী, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আচরণে ইতিবাচক পরিবর্তন আনাই ছিল এ নীতির উদ্দেশ্য।
২০২৩ সালের সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দিলে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ এবং গণমাধ্যমের ব্যক্তিরাও ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। পিটার হাসের এসব বক্তব্য ও কূটনৈতিক তৎপরতা সে সময় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। এদিকে, ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে অবসর নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর তার এবারের ঢাকা সফর নতুন করে আগ্রহের সৃষ্টি করেছে। তবে সফরে কার কার সঙ্গে তার বৈঠক হতে পারে, কী কর্মসূচি রয়েছে কিংবা রাজনৈতিক ও ব্যবসায়িক কোনো বিষয়ে তার সম্পৃক্ততা আছে কি না—এসব বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন