তৈরি পোশাকশিল্পে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে অযৌক্তিক মজুরি ঘোষণার জন্য চাপ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করা হয়েছে। অথচ অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই শিল্পাঞ্চলে অস্থিরতা শুরু হয়। গত মাসের ঘটনাগুলোকে যৌক্তিক হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে যে পরিস্থিতি চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ, মজুরি বোর্ড ইতোমধ্যে গঠিত হয়েছে। বিজিএমইএ সভাপতি আরও বলেন, নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে, তা বোর্ডের প্রথম সভাতেই জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অর্থ হলো, চাপ প্রয়োগের মাধ্যমে একটি অযৌক্তিক মজুরি ঘোষণার পরিবেশ সৃষ্টি করা। তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহমুদ হাসান খান।
শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি অমল পোদ্দার এবং বিজিএমইএর সহসভাপতি রেজওয়ান সেলিম ও মিজানুর রহমানসহ অন্যরা। লিখিত বক্তব্যে বিজিএমইএ সভাপতি জানান, চলমান শ্রম অসন্তোষের কারণে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ১৪৭টি কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। নিরাপত্তা পরিস্থিতি ও উৎপাদনের উপযোগী পরিবেশ না থাকায় এসব কারখানা সচল রাখা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে আগামীকাল থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলো বন্ধ রাখতে বাধ্য হতে পারেন মালিকেরা। তিনি জানান, শনিবার সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। অন্যদিকে, আরও ৯২টি কারখানা উৎপাদন চালু রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত তা পারেনি। ফলে সেগুলোতেও ছুটি ঘোষণা করতে হয়েছে।
এক প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বলেন, শ্রম আইন অনুযায়ী যেসব কারখানায় নিয়মিত উৎপাদন কার্যক্রম চলছে, সেগুলো ১৩(১) ধারায় বন্ধ করার সুযোগ নেই। তবে যেসব কারখানা উৎপাদন চালিয়ে যেতে পারছে না, তারা দেশের যেকোনো অঞ্চলে অবস্থিত হলেও আইন অনুযায়ী বন্ধ রাখার অধিকার রাখে। তিনি বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর অনুরোধে মালিকেরা এত দিন কারখানা চালু রাখার চেষ্টা করেছেন। কিন্তু প্রতিদিন সকালে উৎপাদন শুরু করার পর এক ঘণ্টার বেশি কার্যক্রম চালানো সম্ভব হয়নি। এ কারণে আইনগতভাবে কারখানা বন্ধ রাখার অধিকার তাঁদের রয়েছে। কারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, তা বিজিএমইএর পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানান সংগঠনটির সভাপতি। তাঁর ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে এবং যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তারা ইতোমধ্যে বাহিনীগুলোর নজরদারির মধ্যে এসেছে। এর আগে শনিবার সকালে বিজিএমইএ কার্যালয়ের মিলনায়তনে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের অংশগ্রহণে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এক হাজারের বেশি তৈরি পোশাক কারখানার মালিক অংশ নেন।
সভায় সদস্যদের মতামত তুলে ধরে বিজিএমইএ সভাপতি বলেন, মালিকেরা মনে করছেন, একদিকে কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধ চলবে, অন্যদিকে মজুরি বোর্ডে আলোচনা হবে—এ ধরনের পরিস্থিতিতে আলোচনার যৌক্তিকতা প্রশ্নের মুখে পড়ে। তারপরও দায়িত্বশীল অবস্থান থেকে আগামী ১৬ নভেম্বর সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভায় তাঁরা অংশ নেবেন। আগামী এক-দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে অস্থিরতা অব্যাহত থাকলে পরবর্তী করণীয় নির্ধারণে আবারও আলোচনায় বসবেন বলে জানান। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে অস্থিরতা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন মাহমুদ হাসান খান। তিনি বলেন, মাঠপর্যায়ের অনেক নেতা-কর্মী ও শ্রমিক প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছেন না। এতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর সদস্যরা বিভিন্ন কারখানায় রয়েছেন। যেসব কারখানায় শ্রমিক ফেডারেশনের সদস্য আছেন, সেখানে তাঁদের দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যাশা করেন তিনি, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। বিজিএমইএ সভাপতির মতে, ন্যূনতম মজুরি বোর্ডকে স্বাভাবিকভাবে কাজ করার পরিবেশ দিতে হবে। মালিক ও শ্রমিক নেতারা যদি সড়কের আন্দোলন ও বিশৃঙ্খলা সামলাতেই ব্যস্ত থাকেন, তাহলে শ্রমিকদের জন্য যথাযথ মজুরি প্রস্তাব তৈরি করা কঠিন হয়ে পড়বে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন