টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে ঢাকা–টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার বৌবাজার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি চালক মো. আব্দুর হামিদ (৬৪) এবং এলেঙ্গা পৌর বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক মো. আব্দুল রশিদ (৫৬)। আব্দুর হামিদ টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের বাসিন্দা। আব্দুল রশিদ কালিহাতী উপজেলার এলেঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিহাতী থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা এলেঙ্গার দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ ছয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন