বিলাসবহুল একটি প্রমোদতরীতে হান্টাভাইরাস ছড়িয়ে তিনজনের মৃত্যু এবং একাধিক আক্রান্ত শনাক্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ভাইরাসটি একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে থাকতে পারে—এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মঙ্গলবার (৫ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি প্রস্তুতি ও প্রতিরোধ বিভাগের পরিচালক ড. মারিয়া ভ্যান কারখোভ সাংবাদিকদের বলেন, কিছু আক্রান্ত ব্যক্তির মধ্যে খুব ঘনিষ্ঠ সংস্পর্শ ছিল, তাই সতর্কতামূলকভাবে মানুষ থেকে মানুষে সংক্রমণের সম্ভাবনাকে বিবেচনায় রাখা হচ্ছে। তবে তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সাধারণ মানুষের জন্য ঝুঁকি কম। এটি ফ্লু বা কোভিডের মতো সহজে ছড়ানো ভাইরাস নয়।”
জানা গেছে, এমভি হন্ডিয়াস নামের বিলাসবহুল জাহাজটি বর্তমানে পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থান করছে। জাহাজটিতে প্রায় ১৫০ জন যাত্রী রয়েছেন, যার মধ্যে ১৭ জন মার্কিন নাগরিকও আছেন। এটি গত মাসে আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে যাত্রা শুরু করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছিল। পথিমধ্যে বেশ কয়েকজন যাত্রী শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হন বলে জানিয়েছে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ওসানওয়াইড এক্সপেডিশনস।
WHO জানিয়েছে, এখন পর্যন্ত মোট সাতটি হান্টাভাইরাস সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে, যার মধ্যে দুটি নিশ্চিত এবং পাঁচটি সন্দেহভাজন। আক্রান্তদের মধ্যে এক ডাচ দম্পতি ও একজন জার্মান নাগরিকসহ তিনজন মারা গেছেন। এছাড়া একজন ব্রিটিশ নাগরিক দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানানো হয়েছে। আরও দুজন যাত্রী উপসর্গে ভুগছেন এবং তাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস সাধারণত সংক্রমিত ইঁদুরের মল, মূত্র বা লালার সংস্পর্শে ছড়ায়, যা থেকে এই ধরনের প্রাদুর্ভাব বিরল হলেও গুরুতর হতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন