সার ডিলারশিপ বরাদ্দে স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও অন্যান্য আত্মীয়স্বজনকে সার ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলে এ ধরনের সুবিধা দেওয়ার প্রথা বন্ধের দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করতে গিয়ে এসব অভিযোগ তোলেন হাসনাত আবদুল্লাহ। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেওয়া এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে কৃষিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, সারের ২৮ জন ডিলারের সবাই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের মধ্যে ১০ জন নেতাদের স্ত্রী, সন্তান ও ভাগনি। নাটোরে এক ছাত্রদল নেতাকে এক সংসদ সদস্যের সন্তানের হাতে কুপিয়ে হত্যার ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই সন্তানও সার ডিলারশিপ পেয়েছেন।
হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, সারা দেশে সার ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা কোনো কোনো ক্ষেত্রে অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন। ১৫টি ইউনিয়নের বিপরীতে কেউ কেউ ৩০টি পর্যন্ত ডিও দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগনিদের ডিলারশিপ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও যাতে আবার সুযোগ পান, সে ব্যবস্থা মন্ত্রণালয় করে দিয়েছিল বলে অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। এসব নিয়োগ সুপরিকল্পিত ছিল কি না এবং সার ডিলারশিপগুলো আবার পর্যালোচনা করা হবে কি না, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, সংসদ সদস্যের প্রশ্নে সার ডিলার নিয়োগ নিয়ে ‘উৎসব’ করার কথা এসেছে। তাঁর বক্তব্য, মানুষ যেন উৎসবের মতো করে ডিলার নিয়োগে অংশ নেয়। তিনি ‘উৎসব’ শব্দটিকে ইতিবাচক অর্থে দেখার কথা বলেন। মন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলের সংসদ সদস্যরা হৈচৈ শুরু করেন। হট্টগোলের মধ্যেই কৃষিমন্ত্রী জানান, সার ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক।
তিনি বলেন, সার ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। নির্ধারিত নিয়ম ও বিধিবিধান অনুসরণ করে আবেদন যাচাই-বাছাই করতে মন্ত্রণালয় থেকে উপজেলা ও জেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়। প্রথমে আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা পড়ে। পরে সেখান থেকে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি আবেদন যাচাই-বাছাই করে। এরপর উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষ হলে আবেদন জেলা পর্যায়ের কমিটিতে যায়। সেখানে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে থাকেন। জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী।
এ সময়ও বিরোধী দলের সদস্যরা হট্টগোল করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার বিরোধী দলের চিফ হুইপকে উদ্দেশ করে বলেন, সংসদ সদস্যদের কথা বলার যেমন অধিকার রয়েছে, তেমনি জবাব দেওয়ারও অধিকার রয়েছে। বিরোধীদলীয় নেতা না থাকায় সংসদ সদস্যদের শৃঙ্খলার মধ্যে রাখার দায়িত্ব চিফ হুইপের বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরও সংসদে উত্তপ্ত পরিস্থিতি চলতে থাকে। পরে বিরোধী দলের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানানোর প্রয়োজন নেই। ধৈর্যের সঙ্গে বসে মন্ত্রীর উত্তর শোনার আহ্বান জানান তিনি। পরে তাঁর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন