মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিলের আবেদন সংক্রান্ত একটি চিঠিকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। চিফ প্রসিকিউটর আইনজীবী মো. আমিনুল ইসলাম বলেছেন, বিদেশি ল’ফার্মের মাধ্যমে পাঠানো ওই চিঠির কোনো আইনি ভিত্তি নেই। তাঁর দাবি, এটি ট্রাইব্যুনালকে প্রভাবিত বা বিতর্কিত করার উদ্দেশ্যে পাঠানো হয়েছে, যা আদালত অবমাননার শামিল হতে পারে। এর আগে ৩০ মার্চ যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী কিংসলি ন্যাপলি ই-মেইলের মাধ্যমে ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠান। সেখানে বলা হয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেনি এবং রায়কে তারা অন্যায্য ও অবৈধ বলে দাবি করেন।
চিঠিতে আরও জানানো হয়, এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হলো তা ১৪ দিনের মধ্যে জানাতে অনুরোধ করা হয়েছে। এর আগের রায়ে, গত বছরের ১৭ নভেম্বর বৈষম্যবিরোধী আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার চলাকালীন তিনি অনুপস্থিত থাকায় আদালতই তাঁর পক্ষে আইনজীবী নিয়োগ করে।
আইন অনুযায়ী এই রায়ের চূড়ান্ত সিদ্ধান্ত বা পরিবর্তনের ক্ষমতা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের হাতে রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন