ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তাব থাকলেও মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই প্রক্রিয়ার অংশ হিসেবে পেন্টাগন অঞ্চলে আরও কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার (২৪ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তাদের মতে, বিশেষায়িত ‘৮২তম এয়ারবর্ন ডিভিশন’-এর কয়েক হাজার সদস্যকে মধ্যপ্রাচ্যে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে কোন দেশে মোতায়েন করা হবে বা কবে নাগাদ পৌঁছাবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
মূলত ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পেন্টাগনের পক্ষ থেকে সরাসরি মন্তব্য না থাকলেও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। হোয়াইট হাউস থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, একদিকে আলোচনার প্রস্তাব এবং অন্যদিকে সামরিক শক্তি বৃদ্ধি—যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান ছায়াযুদ্ধ সরাসরি সংঘাতের দিকে মোড় নিলে, এই অতিরিক্ত সেনা মোতায়েন অস্থিরতাকে আরও বাড়িয়ে দিতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন