ইমরান খানের কারাবাস নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও তীব্র হচ্ছে। এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। একই সঙ্গে কারাগারে তার শারীরিক অবস্থা, চিকিৎসাসেবা এবং মানবিক আচরণ নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন তিনি।
সিএনএনের সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে ভলকার তুর্ক বলেন, ইমরান খানকে মুক্তি দেওয়া হলে পাকিস্তান সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক আস্থা তৈরির সুযোগ তৈরি হতে পারে। তার মতে, রাজনৈতিক উত্তেজনা কমাতেও এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ হতে পারে। বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি ৭৪ বছর বয়সী ইমরান খান। তার স্বাস্থ্য ও কারাগারে চিকিৎসার সুযোগ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। এর আগে ইমরানের ছেলে কাসিম খানও বাবার নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছিলেন। পাকিস্তানের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে দমন-পীড়ন, অপহরণ ও সহিংসতার অভিযোগও তুলেছেন তিনি।
ইমরানের কারাবাসের পরিবেশ ও শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, পরিবারের সদস্য, আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগে তার ওপর বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। তাদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে ২০২৬ সালের আগস্টে বোনের সঙ্গে মাত্র দুটি সাক্ষাৎ ছাড়া পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি ইমরান। এমনকি ২০২৬ সালের মার্চের পর থেকে ছেলেদের সঙ্গে ফোনে কথাও বলতে পারেননি তিনি। দীর্ঘ সময় একাকী কারাবাস ও বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ সীমিত থাকায় ইমরানের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা জানিয়েছে সংস্থাটি। রক্তচাপজনিত জটিলতার কথাও উল্লেখ করেছে অ্যামনেস্টি। তাদের দাবি, গত আগস্টে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিলেও স্বাধীন চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করানোর সুযোগ দেওয়া হয়নি।
এদিকে ইমরানের স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। চোখের সমস্যার যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে অভিযোগ করেছে তারা। এর পাশাপাশি ইমরানের বোন আলিমা খানের মুক্তিও দাবি করেছে অ্যামনেস্টি। আর গত ১৬ নভেম্বর বিচারপতিদের কাছে লেখা এক খোলা চিঠিতে ইমরান খান জরুরি চিকিৎসা নিশ্চিত ও আদালতের নির্দেশনা কার্যকরের দাবি জানান। তার অভিযোগ, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা তাকে একাকী কারাবাসে রাখা হচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন