২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা শেষ হতে আর মাত্র সাত দিন বাকি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ৩১ মার্চের মধ্যেই রিটার্ন দাখিল সম্পন্ন করতে হবে। সাধারণত প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত সময় থাকলেও এবার তিন দফায় সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এনবিআর জানিয়েছে, এবার অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, ফলে করদাতারা ঘরে বসেই নির্ধারিত পোর্টালে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও এই অনলাইন সেবা চালু থাকছে।
এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী রয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত ৪১ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছেন এবং ৫০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের জন্য নিবন্ধন নিয়েছেন। করযোগ্য আয় থাকলে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। অনলাইনে রিটার্ন জমা দিতে হলে প্রথমে এনবিআরের ওয়েবসাইটে নিবন্ধন করে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই রিটার্ন দাখিল করা যাবে। এই প্রক্রিয়ায় আলাদা করে কাগজপত্র আপলোডের প্রয়োজন হয় না। একই সঙ্গে ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করা যায়।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শেষ মুহূর্তে তাড়াহুড়া করে রিটার্ন জমা দিলে ভুল হওয়ার ঝুঁকি থাকে, যা জরিমানা বা আইনি জটিলতা তৈরি করতে পারে। তাই আগে থেকেই আয়-ব্যয়ের হিসাব প্রস্তুত রাখা, প্রয়োজনীয় তথ্য যাচাই করা এবং প্রয়োজনে কর পরামর্শকের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কর প্রশাসন বলছে, নির্ধারিত সময়ের আগেই রিটার্ন জমা দিলে ঝামেলা এড়ানো যাবে এবং অনলাইন ব্যবস্থার সুবিধাও পুরোপুরি পাওয়া সম্ভব হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন