ঢাকা | |

‘ইরানের ড্রোন নকল করে আঞ্চলিক দেশগুলোতে হামলা চালানো হচ্ছে’

ইরানের শত্রুরা দেশটির তৈরি ‘শাহেদ’ ড্রোনের আদলে নকল ড্রোন বানিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১২:৪৫ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১২:৪৫ সময়
‘ইরানের ড্রোন নকল করে আঞ্চলিক দেশগুলোতে হামলা চালানো হচ্ছে’

ইরানের শত্রুরা দেশটির তৈরি ‘শাহেদ’ ড্রোনের আদলে নকল ড্রোন বানিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। রোববার (১৫ মার্চ) দেওয়া এক বিবৃতিতে সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি জানান, ‘লুকাস’ নামের এই নকল ড্রোন ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হচ্ছে। এর মাধ্যমে ইরানের ওপর দায় চাপিয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে তেহরানের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা চলছে বলে দাবি করা হয়।


বিবৃতিতে বলা হয়েছে, সামরিক ও রাজনৈতিক জোট গঠনে ব্যর্থ হয়ে ইরানের প্রতিপক্ষরা এখন বিভ্রান্তি ও অবিশ্বাস সৃষ্টি করতে এমন প্রতারণামূলক কৌশল ব্যবহার করছে। ইব্রাহিম জোলফাকারি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, ইরান সবসময় আন্তর্জাতিক আইন ও যৌক্তিক নীতির ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে। তিনি দাবি করেন, ইরান কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা চালায় এবং প্রতিটি হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করে।


তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী দেশে সাম্প্রতিক কিছু হামলার ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, এসব আক্রমণ ইরানের বাহিনী পরিচালনা করেনি। বরং আঞ্চলিক সম্পর্কের মধ্যে সন্দেহ ও বিভাজন সৃষ্টি করাই এসব ঘটনার উদ্দেশ্য। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি ও কয়েকজন সামরিক কমান্ডারকে হত্যার ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। এতে ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী অধিকৃত ভূখণ্ড এবং আঞ্চলিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।


জোলফাকারি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করে এবং বন্ধুপ্রতিম দেশগুলোর ওপর হামলার কোনো উদ্দেশ্য তেহরানের নেই। তিনি আঞ্চলিক দেশগুলোর প্রতি পারস্পরিক আস্থা ও সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।


ইরানের মতে, বিদেশি শক্তির এমন ষড়যন্ত্র মোকাবিলায় আঞ্চলিক ঐক্য ও সমন্বিত পদক্ষেপই সবচেয়ে কার্যকর উপায়।


সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ