পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম (এমআরএলএস) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একদিন পরই রোববার নতুন এই সামরিক পরীক্ষা পরিচালনা করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ বসন্তকালীন সামরিক মহড়া শুরু হওয়ার পরপরই উত্তর কোরিয়া এই পরীক্ষা চালায়, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, শনিবার এই মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা সরাসরি তদারকি করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সংবাদমাধ্যমটি জানায়, পরীক্ষায় ৬০০ মিলিমিটার ক্যালিবারের ১২টি ‘আল্ট্রা-প্রিসিশন’ মাল্টিপল রকেট লঞ্চার এবং দুটি আর্টিলারি ইউনিট অংশ নেয়। পরীক্ষা শেষে কিম জং উন বলেন, এই সামরিক মহড়া পিয়ংইয়ংয়ের শত্রুদের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা সৃষ্টি করেছে। একই সঙ্গে এটি কৌশলগত পারমাণবিক অস্ত্রের শক্তি ও ধ্বংসক্ষমতা সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। এসব রকেটের আঘাত হানার সর্বোচ্চ পাল্লা প্রায় ৪২০ কিলোমিটার।
কেসিএনএ আরও জানায়, পরীক্ষায় উৎক্ষেপণ করা রকেটগুলো প্রায় ৩৬০ কিলোমিটারের বেশি দূরে কোরিয়ার পূর্ব সাগরে একটি নির্দিষ্ট দ্বীপ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কিম এই অস্ত্র ব্যবস্থাকে ‘অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর’ হিসেবে উল্লেখ করে এর প্রশংসা করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে আকাশে একাধিক রকেট ছুটে যেতে দেখা গেছে। আরেকটি ছবিতে কিম জং উনকে তার মেয়ে জু আয়ে-এর সঙ্গে দূর থেকে উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে দেখা যায়। তাদের পাশে একজন সামরিক কর্মকর্তাকেও উপস্থিত থাকতে দেখা গেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন