কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলম (৩৮) গ্রেপ্তারের সময় হামলার শিকার হয়েছেন র্যাব সদস্যরা। গত বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নাজিরপাড়া মাঠের একটি ইফতার মাহফিল থেকে তাকে গ্রেপ্তার করার সময় উত্তেজিত জনতা র্যাবের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় র্যাবের অন্তত সাতজন সদস্য আহত হয়েছেন। র্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর স্কোয়াড কমান্ডার সোহেল রানা জানিয়েছেন, মাদক কারবারিদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট অভিযান পরিচালনার সময় এই হামলা চালানো হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ফরিদুল আলমকে গ্রেপ্তারের পর পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গ্রেপ্তারকৃত ফরিদুল আলমকে থানায় হস্তান্তর করা হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন