কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এলাকার সব সরকারি প্রকল্প ও সেবার তথ্য জনগণের সামনে উন্মুক্ত করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি দেবীদ্বারের বর্তমান অবস্থা, চলমান উন্নয়ন কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন। সংসদ সদস্য জানান, গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহ তিনি মূলত এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সেবার মান পর্যালোচনায় ব্যয় করেছেন। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি সরকারি কাজের তথ্য জনগণের কাছে তুলে ধরার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
এলাকার প্রধান সমস্যার মধ্যে রাস্তাঘাটের দুরবস্থাকে উল্লেখ করে তিনি বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি এবং পিআইও কার্যালয়ের অধীনে কয়েকটি সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ চলছে। বর্ষা শুরুর আগেই এসব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং একাধিক কাজ একসঙ্গে নিয়ে দীর্ঘসূত্রতা তৈরির প্রবণতা বন্ধ করার আহ্বান জানান তিনি।
আসন্ন ঈদ উপলক্ষে সরকারি সহায়তার তথ্য তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, দেবীদ্বার পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং ১৫টি ইউনিয়নে ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কাবিখা কর্মসূচির আওতায় ১০টি অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ চালুর ঘোষণা দেন সংসদ সদস্য। সেখানে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, কাজের অগ্রগতি এবং সরকারি সহায়তার তথ্য নিয়মিত প্রকাশ করা হবে বলে জানান তিনি। লাইভে তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন এবং দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের সতর্কবার্তাও দেন। তাঁর মতে, সরকারের সেবা ও উন্নয়নের সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন