কুয়েতের রাজধানীতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ড্রোন ভূপাতিত করার সময় তার ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুয়েত সিটির একটি সুউচ্চ টাওয়ারে আগুন জ্বলছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওই ভবনে কুয়েতের পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির সদর দপ্তর অবস্থিত। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোন প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কুয়েত সেনাবাহিনীর দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, দেশটির বিমানবাহিনী আকাশপথে শত্রুপক্ষের হুমকি মোকাবিলায় অভিযান অব্যাহত রেখেছে। এদিকে নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কুয়েতের কর্তৃপক্ষ। নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে সবার প্রতি অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ রোববার পর্যন্ত নবম দিনে গড়িয়েছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন