বরগুনা সদর উপজেলায় শাবল দিয়ে আঘাত করে আলমতাজ (৪৪) নামে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার নলটোনা ইউনিয়নের আগাপদ্মা দিল মাহমুদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমতাজ ওই এলাকার বাসিন্দা আবুল হাওলাদারের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি শাবল উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঘটনার সময় আলমতাজ বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে শাবল দিয়ে তাকে আঘাত করে হত্যা করে। হামলার ফলে তার মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে রক্তের চিহ্ন পাওয়া গেছে। তবে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ অক্ষত অবস্থায় ছিল বলে জানা গেছে। এতে হত্যার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা নাঈম হোসেন তানভীর জানান, ইফতারের পর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আলমতাজের মরদেহ দেখতে পান। তার মতে, পরিবারের সঙ্গে স্থানীয়ভাবে কারও কোনো বিরোধ ছিল না। নিহতের ছেলেরা বরগুনা শহরে ব্যবসা করেন এবং পরিবারটি আর্থিকভাবে সচ্ছল। নিহতের প্রতিবেশী চম্পা বলেন, প্রথমে তারা আগুন লাগার খবর শুনে ওই বাড়িতে যান। পরে গিয়ে দেখেন, ঘরের বারান্দায় আলমতাজের মরদেহ পড়ে আছে এবং মুখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ ঘটনাটিকে নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি লোহার তৈরি ভোঁতা অস্ত্র জব্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন