শিক্ষা ভিসায় যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় আবেদন করার হার বেড়ে যাওয়ায় চার দেশের শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের নতুন করে স্টুডেন্ট ভিসা দেওয়া হবে না। পাশাপাশি আফগান নাগরিকদের জন্য কর্মভিসাও সাময়িকভাবে স্থগিত করা হবে।
হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এসব দেশের শিক্ষার্থীদের আশ্রয় আবেদন প্রায় ৪৭০ শতাংশ বেড়েছে। স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী শাবানা মাহমুদ বলেন, যুদ্ধ ও নির্যাতন থেকে পালিয়ে আসা মানুষকে যুক্তরাজ্য আশ্রয় দিয়ে আসছে। তবে ভিসা ব্যবস্থার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নতুন প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শরণার্থী মর্যাদা প্রতি ৩০ মাস অন্তর পর্যালোচনা করা হবে। সরকারের ধারণা, এতে দেশটি আশ্রয়প্রার্থীদের কাছে কম আকর্ষণীয় হয়ে উঠবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন