দল হিসেবে নিজেদের সামর্থ্যের প্রমান এশিয়া কাপে দিতে পারেনি বলেই মনে করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
ইনজুরি সমস্যা ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন খেলোয়াড়ের অনুপুস্থিতিতে এশিয়া কাপে নিজেদের সেরাটা দিতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও, শ্রীলংকার কাছে দু’বার (গ্রুপ ও সুপার ফোর) পাকিস্তানের কাছে সুপার ফোরে পরাজিত হয় বাংলাদেশ।
তবে সাকিবের মতে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে হট ফেভারিট ভারতকে ৬ রানে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমান দিয়েছে বাংলাদেশ।
দলের সেরা খেলোয়াড়দের পেলে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ভয়ংকর দল হয়ে উঠবে বলে আত্মবিশ^াসী সাকিব।
আগেভাগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় প্রথম সারির পাঁচ খেলোয়াড়কে নিয়ে একাদশ সাজিয়েছিলো ভারত। অন্য দিকে ম্যাচে ছয়টি পরিবর্তন আনা বাংলাদেশ একাদশে আধিপত্য ছিল তরুণ ক্রিকেটারদেরই।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘দলের অনেক খেলোয়াড়ই ইনজুরিতে এবং কেউ-কেউ আসা-যাওয়ার মধ্যে ছিলো। যেটা আমাদের জন্য সহায়ক ছিলনা। তবে সব কিছু ঠিক থাকলে বিশ্বকাপে আমরা একটি ভয়ংকর দল হবো বলেই আমি মনে করছি।’
ব্যাট হাতে ৮৫ বলে ৮০ রান করার পাশাপাশি বোলিংয়ে ১০ ওভারে ৪৩ রানে ১ উইকেট শিকার করে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা পালন করেছেন সাকিব। ৫৯ রানে ৪ উইকেট পতনের পর মূলত সাকিবের কাউন্টার অ্যাটাকে ৮ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। বোলিংয়ে বোলারদের বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করেছেন সাকিব। তার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে ৪৯ দশমিক ৫ ওভারে ২৫৯ রানে অলআউট হয় ভারত।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন