ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোট দেওয়ার সময় ভোটারদের বিবেকবোধের সাথে ন্যায়বিচার করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেন, ‘নাজিরাবাজার, স্টার কাবাব, এলাকা, ডিপার্টমেন্ট, ক্লাব কিংবা অভিনব আরো অনেক কোরাম বা ইজম ! সবকিছু আজকে রাতে ঘুমানোর আগে পর্যন্তই মনে রাখবেন। ঘুম থেকে উঠে নির্দিষ্ট পদে সেই মানুষটাকে নির্বাচিত করবেন যিনি আপনার বিবেকবোধের জায়গা থেকে ওই পদে সবচেয়ে যোগ্য।
যোগ্যতা মানে এটা নয়- কার সিজিপিএ কত কিংবা কে ওই বিষয়ে কতটা দক্ষ। ওই বিষয়ে তার কিছুটা ধারণা থাকতে হবে এটা যেমন ঠিক তেমনি এটাও মনে রাখতে হবে- আপনি এখানে একাডেমিশিয়ান নির্বাচিত করছেন না। আপনি আপনার লিডার নির্বাচিত করছেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব নির্বাচিত করছেন।
কিছু বিষয়ে মাথায় রাখবেন। আপনার লিডার এমন হতে হবে যিনি সরকার পালাবদলের পরও আপনার অধিকার আদায়ের লড়াইয়ে আপোসহীন থাকবে, সাহস নিয়ে যৌক্তিক দাবি আদায়ে ক্ষমতার সাথে চোখে চোখ রেখে কথা বলবে।
ইশতেহার দেওয়া, নির্বাচিত হওয়া আর দাবি আদায় করে নিয়ে এসে বাস্তবায়ন করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।
আপনি ডাকসুতে নিজের ভোট দেওয়ার সময় নিজের বিবেকবোধের সাথে যতটুকু ন্যায়বিচার করবেন, আগামীর বাংলাদেশ থেকে নিজের প্রতি ঠিক ততটুকুই ন্যায়বিচার প্রত্যাশা করবেন।’
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন