আজাদ কাশ্মিরে হামলার পরদিনই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নতুন করে হামলা চালানোর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাতে গুজরানওয়ালার ডিঙ্গা এলাকায় ভারতীয় একটি ড্রোন পাঠানো হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
জিও নিউজের খবরে বলা হয়, ভোর ৪টা ৪৭ মিনিটে গুজরানওয়ালার গুজরাট জেলার ডিঙ্গা এলাকায় একটি ড্রোন আছড়ে পড়ে। পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় তাঁরা কাছের একটি রেঁস্তোরায় অবস্থান করছিলেন এবং বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। তবে হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, একটি ড্রোন গুজরানওয়ালার আকাশে ভেসে বেড়াচ্ছে এবং পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী সেটিকে ভূপাতিত করার জন্য মিসাইল নিক্ষেপ করে। কিছু সময় পর সেটি মাটিতে আছড়ে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম মারখোর টাইমস জানায়, ড্রোনটি ভূপাতিত হয়ে ডিঙ্গার নিকটবর্তী এলাকায় পড়ে। এতে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। প্রত্যক্ষদর্শীরা প্রতিরক্ষা মিসাইলের বিকট শব্দ ও ড্রোন ভূপাতিত হওয়ার দৃশ্য বর্ণনা করেন।
তবে এই ড্রোন কোথা থেকে এসেছে, তা এখনো স্পষ্ট নয়। পাকিস্তান সরকার এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। অন্যদিকে, জিও নিউজ ছাড়া অন্যান্য মূলধারার সংবাদমাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
তবে বিভিন্ন সূত্র জানিয়েছে, শিগগিরই সরকারিভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন