ক্রিস্তিয়ানো রোনালদো-রাফায়েল লেয়াওদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়ে ম্যাচটি ড্রয়ের দিকেই নিয়ে যাচ্ছিল চেক প্রজাতন্ত্র। তবে একেবারে শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে নাটকীয় জয় এনে দিলেন ফ্রান্সিসকো কনসেইসাও। খেলার ৯০তম মিনিটে বদলি হিসেবে নেমে দুই মিনিটের মধ্যেই গোল করে জয়ের নায়ক বনে গেলেন পোর্তোর ২১ বছর বয়সী এই উইঙ্গার। মঙ্গলবার রাতে লাইপসিগের রেড বুল আরেনায় অন্যরকম এক লড়াইয়ে চেক প্রজতন্ত্রের বিপক্ষে ২-১ গোলের জিতেছে পর্তুগাল। এর ফলে জয় দিয়ে ইউরো অভিযান শুরু করলেন রোনালদোরা।
পুরো ম্যাচজুড়ে পর্তুগালের একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত থাকলেও এদিন ম্যাচের ৬২তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন চেক প্রজাতন্ত্রের লুকাশ প্রোভোদ। তবে তাদের এগিয়ে থাকাটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাত মিনিট পরই পর্তুগালকে একটি গোল উপহার দেন চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডার রবিন হ্যারানাচ। এরপর ৮৭তম মিনিটে দিয়োগো জোতা একটি গোল পেলেও পর্তুগিজদের উল্লাসে বাধা দেয় ভিএআর। গোল করার আগে অফসাইডে থাকায় তাদের জয়োল্লাস থেমে যায়। তবে অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করে শেষটা রাঙিয়েই মাঠ ছাড়েন কনসেইসাওরা।
মাঠে নেমে শুরুতে দুই দলই কিছুটা অগোছালো খেলতে থাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের চেহারায় ফেরে পর্তুগাল। শুরু করে একের পর এক গেম ডেভেলপমেন্ট। ম্যাচের অষ্টম মিনিটে প্রথম সুযোগ আসে তাদের। তবে রাফায়েল লেয়াওয়ের ক্রসে রোনালদো ঠিকঠাক হেড দিতে ব্যর্থ হওয়ায় সে প্রচেষ্টা বিফলে যায়।
২৪তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের দূরের জোরালো শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবারের সামান্য ওপর দিয়ে বেরিয়ে যায়। এর দুই মিনিট পর ফের চেক সমর্থকদের বুক কাঁপিয়ে দেয় পর্তুগাল। ব্রুনো ফের্নান্দেসের গোলমুখে বাড়ানো ক্রসটি স্লাইড করেও স্পর্শ করতে ব্যর্থ হন লেয়াও। ৩২তম মিনিটে রোনালদোকে দারুণ একটি পাস দেন ফের্নান্দেস। গোলরক্ষককে একা পেয়ে খানিকটা ছুটে গিয়ে প্রথম স্পর্শেই শট শানান রোনালদো, তবে চেক গোলরক্ষক ইন্দ্রিক স্তানেকের অসাধারণ নৈপুণ্যে সে যাত্রায়ও বেঁচে যায় তারা।
এর ফলে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেও গোলবঞ্চিত থেকে বিরতিতে যায় পর্তুগাল। প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য বিস্তার করা পর্তুগালের পায়ে ৭২ শতাংশ সময় বল ছিল। এর মধ্যে তাদের ৯টি প্রচেষ্টার তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা চেক প্রজাতন্ত্র গোলের কোনো সুযোগই তৈরি করতে পারেনি।
তবে দ্বিতীয়ার্ধে আচমকা গোল পেয়ে যায় চেক প্রজাতন্ত্র। ৬২তম মিনিটে কর্নার থেকে বক্সের বাইরে সতীর্থের কাটব্যাক পেয়ে দারুণ এক বাঁকানো শটে শক্ষ্যভেদ করেন প্রোভোদ। দলের প্রথম শটেই এই মিডফিল্ডার গোল পেয়ে গেলে উল্লাসে মাতে সমর্থকরা।
তবে ৭ মিনিট পর ভাগ্যের ফেরে পর্তুগালকে গোল দিয়ে ফেলেন চেক ডিফেন্ডার রবিন হ্যারানাচ। নুনো মেন্দেজের হেড ঝাঁপিয়ে ঠেকাতে পারলেও বলটি গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন স্তানেক। তবে ফাঁকায় পাওয়া বল ক্লিয়ার করতে গিয়ে হ্যারানাচের হাঁটুতে লেগে জালে জড়িয়ে যায়। ফলে স্বস্তি ফেরে পর্তুগিজ শিবিরে।
এরপর চেষ্টা করেও যখন গোল আসছিল না, তখন নির্ধারিত সময়ের তিন মিনিট আগে গোল করেন জোতা। রোনালদোর হেড গোল পোস্টে লেগে ফিরে এলে বল জালে জড়ান দিয়োগো জোতা, কিন্তু পর্তুগিজদের উল্লাস থামিয়ে দিয়ে অফসাইডের সিদ্ধান্ত দেয় ভিএআর। এরপর ম্যাচের ৯০তম মিনিটে ভিতিনিয়াকে তুলে কনসেইসাওকে নামান কোচ রবের্তো মার্তিনেস। মাঠে নামার দুই মিনিটের মধ্যে প্রথমববার বল পেয়ে প্রথম স্পর্শেই লক্ষ্যে তা পাঠিয়ে দেন তিনি।
মাঠের বাঁ পাশ থেকে নিচু ক্রস দেন পেদ্রো নেতো। বলটি ঠেকাতে গিয়ে খানিকটা ভারসাম্য হারান হ্যারানাচ। তিনি ব্যর্থ হলে ফাঁকায় বল পেয়ে একদমই ভুল করেননি কনসেইসাও। এর ফলে পর্তুগালের জার্সিতে ইউরোতে অভিষেক ম্যাচেই দলের জয়ের নায়ক হয়ে যান তিনি।
‘এফ’ গ্রুপে দিনের অপর ম্যাচে জর্জিয়াকে ৩-১ গোলে হারায় তুরস্ক। এদিন তুরস্কের জার্সিতে মাঠে নেমে গোল পান ১৯ বছর বয়সী রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার আর্দা গুলের। ৩-১ ব্যবধানে জিতে গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে তুরস্ক, দুইয়ে পর্তুগাল।
আগামী শনিবার (২২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র ও জর্জিয়া। এরপর রাত ১০টায় তুরস্কের মোকাবিলা করবে পর্তুগাল।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন