সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেই এবার গ্রেপ্তার করা হবে—বিতর্কিত, পলাতক বা ফেরারি কোনো আসামির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন। সোমবার ২৩ নভেম্বর সকালে ময়মনসিংহের শহীদ মুশতাক মাহমুদ মাল্টিপারপাস শেডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেখানে ময়মনসিংহ সেক্টরের সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকাতে বিজিবির নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।
কর্নেল নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব এবং মানুষের জানমাল রক্ষায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা হচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, ময়মনসিংহ সেক্টরের আওতায় প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও করা হচ্ছে। বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন যন্ত্র ও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। পাশাপাশি নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ যান এটিভি ব্যবহার করা হচ্ছে। জনবলও বাড়ানো হয়েছে। প্রতিটি সীমান্ত চৌকিতে নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেক্টর কমান্ডার জানান, হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় সম্ভাব্য কিছু তৎপরতা নিয়ে বিজিবি তথ্য পেয়েছে। তবে গোয়েন্দা নজরদারি, মাঠপর্যায়ের কার্যক্রম এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব তথ্য যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত ওই এলাকাগুলোতে সন্দেহজনক কোনো তৎপরতা তাদের নজরে আসেনি। তিনি বলেন, কোনো তথ্যকেই অবহেলা করা হচ্ছে না। প্রতিটি তথ্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিজিএফআই ও এনএসআইয়ের সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই করা হচ্ছে। মাঠপর্যায়ে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন ঠেকানো হয়েছে বলে জানান কর্নেল নাসির উদ্দিন। একই সময়ে চারজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৮ জন মানব পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযানেও সাফল্যের কথা তুলে ধরে তিনি জানান, একই সময়ে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৭০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।
সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করতে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন বিজিবির এই কর্মকর্তা। সন্দেহভাজন বা অপরিচিত কাউকে সীমান্ত এলাকায় চলাফেরা করতে দেখা গেলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। সীমান্ত সুরক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্নেল নাসির উদ্দিন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন