ঢাকা | |
সংবাদ শিরোনাম :

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি

একদিকে শ্রমিকদের বিক্ষোভ, অন্যদিকে সড়কে ইটপাটকেল নিক্ষেপ—এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আশুলিয়ায় একের পর এক তৈরি পোশাক কারখানা বন্ধ
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৯ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৯ সময়
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি

একদিকে শ্রমিকদের বিক্ষোভ, অন্যদিকে সড়কে ইটপাটকেল নিক্ষেপ—এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আশুলিয়ায় একের পর এক তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার শ্রমিক অসন্তোষের জেরে ২১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর বাইরে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে আরও ২২টি কারখানা। বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন তিন শ্রমিক।


সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সকাল সোয়া ৯টার দিকে তারা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেওয়ার পাশাপাশি একটি বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আশপাশের কয়েকটি কারখানাকেও লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ধাওয়া দেন। এ সময় একটি সাউন্ড গ্রেনেড ও একটি কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করা হয়। পরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।


আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে হা-মীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। পাশাপাশি বিভিন্ন কারণে আরও ২১টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশের তথ্যমতে, সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় শিল্পাঞ্চল পুলিশ-১-এর আওতায় মোট ১ হাজার ৭২৩টি কারখানা রয়েছে। এর মধ্যে তৈরি পোশাক কারখানা ৭৩৬টি এবং রপ্তানিমুখী কারখানা রয়েছে ৪৭০টি।


প্রত্যক্ষদর্শী ও শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা নির্ধারিত সময়ে কারখানায় উপস্থিত হলেও কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেননি। পরে সেসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি বিবেচনায় আশপাশের আরও কয়েকটি কারখানাও ছুটি দেয় কর্তৃপক্ষ। পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এজ গ্রুপের একটি কারখানার কিছু শ্রমিক শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত একটি বাসে হামলা করেন। পরে তারা পাশের একটি কারখানায় হামলা চালালে সেখান থেকে তাদের সরে যেতে বলা হয়।


বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তিন শ্রমিক আহত হন বলে জানান তিনি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা ভালো। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার সামনে এবং গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি