হরমুজ প্রণালির অদূরে কেশম দ্বীপের দক্ষিণে উড়তে থাকা একটি মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে দেওয়া এক ঘোষণায় বাহিনীটি জানায়, ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনার মাধ্যমে ড্রোনটিকে অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তারা।
আইআরজিসি ড্রোনটিকে ‘এমকিউএম-১৭০’ মডেলের বলে শনাক্ত করেছে। তাদের দাবি, এ নিয়ে মোট নবম মার্কিন ড্রোন আটক করল ইরানি বাহিনী। এর আগে সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হরমুজ প্রণালির ওপর একটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী। আইআরজিসি নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, কেশম দ্বীপের দক্ষিণে একটি ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালানোর সময় ড্রোনটির নির্দেশনা ব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়া হয়। পরে সেটিকে অবতরণ করতে বাধ্য করা হয়। ইরানের দাবি, ড্রোনটি তাদের আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছিল।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে পাল্টা হামলা চালায় তেহরান। ইসরায়েলের পাশাপাশি আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোও ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়। পরবর্তী সময়ে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আলোচনা শুরু হলেও হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার উপায় নিয়ে মতবিরোধ দেখা দেয়। এতে আলোচনা কার্যত স্থবির হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে নতুন করে মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ নেওয়ার ইরানি দাবি দুই দেশের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন