মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথের যোগাযোগেও। ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী মোট ১৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ২৭৪ জন যাত্রী। সরাসরি ও বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে যাতায়াতের কথা থাকলেও ফ্লাইট বাতিল হওয়ায় গন্তব্যে পৌঁছাতে পারছেন না তাঁরা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে বুধবার ১১ নভেম্বর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১১২টি সরাসরি এবং ৭৭টি বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে যাতায়াতকারী ফ্লাইট। বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৫টি রয়েছে।
অন্যদিকে, বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল এমন বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট। এসব ফ্লাইটের যাত্রীদের বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে রিয়াদ ও দাম্মামে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা থেকে তাঁদের বহন করা সম্ভব হয়নি। ফলে সৌদি আরবগামী হাজার হাজার যাত্রী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
এর আগে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরবর্তী সময়ে নিরাপত্তা পরিস্থিতির কারণে সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়। ফলে একের পর এক ফ্লাইট বাতিলের ঘটনায় সৌদি আরবগামী প্রবাসী কর্মী, চাকরিপ্রার্থী ও অন্যান্য যাত্রীদের যাত্রা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি আরও বাড়তে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন