রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি আয়োজন ও মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে সংযুক্ত করা হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর বিভাগের একটি দল ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় অবস্থিত আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান পরিচালনা করে। ডিবির দাবি, অভিযানের সময় সেখানে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন চলছিল। অভিযানকালে ঘটনাস্থল থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করার খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে এবং জনসমক্ষে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে শৃঙ্খলাবিরোধী, দায়িত্ব পালনে অদক্ষতা এবং বিভাগীয় বিধিবিধানের পরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে।সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুসারে গত ২৫ অক্টোবর থেকে আব্দুল্লাহ আল জহিরের সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে প্রচলিত বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।
জানা গেছে, পুলিশের এই কর্মকর্তা এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে সেদিন বিকেলেই তাঁকে পুলিশ সদর দপ্তরের রক্ষণাবেক্ষণ শাখায় সংযুক্ত করা হয়েছিল। এর পাঁচ দিন পর তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন