নভেম্বরের শুরুতেই শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি! তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কি এই ছুটি পাবে, নাকি কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে থাকছে ভিন্ন নিয়ম? বিশেষ করে মাদরাসার শিক্ষার্থীদের ছুটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৬ নভেম্বর শুক্রবার থেকে শুরু হবে এই ছুটি। শুক্রবার সাপ্তাহিক ছুটির পর ৭ নভেম্বর শনিবার পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিনটি শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গেই মিলে যাচ্ছে দিবসটির ছুটি। এর পরের দিন, ৮ নভেম্বর রোববার অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা। এই উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় শুক্র, শনি ও রোববার—টানা তিন দিন বন্ধ থাকবে সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ।
শুধু স্কুল-কলেজই নয়, সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও এই তিন দিনের ছুটি কার্যকর হওয়ার কথা রয়েছে। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা ছুটির এই সময়টিতে পরিবারকে সময় দেওয়া কিংবা ব্যক্তিগত কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন। তবে মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ না থাকায় মাদরাসাগুলোতেও একইভাবে টানা তিন দিন ছুটি থাকবে কি না, তা স্পষ্ট নয়। সব মিলিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের স্কুল-কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকেরা। তবে মাদরাসার শিক্ষার্থীদের ছুটির বিষয়ে নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা খেয়াল রাখা প্রয়োজন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন