মুখ্যমন্ত্রীর সামনে সাধারণত মানুষ নানা সমস্যা, দাবি কিংবা অভিযোগ নিয়ে হাজির হন। কিন্তু ভারতের আসামে ঘটেছে একেবারেই ভিন্ন ঘটনা। মানুষের ভিড়ের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এক যুবক সরাসরি চেয়ে বসলেন একটি আইফোন। আর তার এমন অপ্রত্যাশিত আবদারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রতিক্রিয়ার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনাটি ঘটে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সাধারণ মানুষের সঙ্গে দেখা করার সময়। ভিডিওতে দেখা যায়, তিনি মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় ভিড়ের মধ্য থেকে এক যুবক সামনে এগিয়ে এসে মুখ্যমন্ত্রীর কাছে বলেন, তিনি একটি আইফোন চান। যুবকের এমন সরাসরি আবদারে কিছুটা অবাক হয়ে যান হিমন্ত বিশ্বশর্মা। তিনি তখন পাল্টা জানতে চান, পুরোনো আইফোন নাকি নতুন আইফোন চান ওই যুবক।
এরপর পরিস্থিতি আরও মজার হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী এমন ভঙ্গি করেন, যেন মজা করে ওই যুবককে হালকা চড় দিতে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত তিনি রাগ না করে বরং যুবকের আবদার মেনে নেওয়ার আশ্বাস দেন। হিমন্ত বিশ্বশর্মাকে বলতে শোনা যায়, ঠিক আছে, ওই যুবকের জন্য একটি আইফোনের ব্যবস্থা করে দেওয়া হবে এবং সে আইফোনটি পেয়ে যাবে।
এরপর মুখ্যমন্ত্রী সেখান থেকে সামনে এগিয়ে যান এবং চারপাশে জড়ো হওয়া অন্য মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে থাকেন। ঘটনার ভিডিওটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন হিমন্ত বিশ্বশর্মা। ভিডিওর সঙ্গে তিনি সংক্ষিপ্ত মন্তব্যে লেখেন, ‘খুবই স্পষ্ট অগ্রাধিকার।’ এরপর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে তৈরি হয় নানা ধরনের প্রতিক্রিয়া।
অনেকেই মুখ্যমন্ত্রীর কাছে ওই যুবকের এমন নির্ভয়ে আইফোন চাওয়ার বিষয়টি নিয়ে মজা করেছেন। কেউ কেউ আবার মুখ্যমন্ত্রীর উদারতার প্রশংসা করেছেন। আবার একজন জানতে চেয়েছেন, মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ওই যুবক শেষ পর্যন্ত সত্যিই আইফোন পেয়েছেন কি না। আরেকজন মন্তব্য করেন, মুখ্যমন্ত্রীর কাছে এত স্বাভাবিকভাবে আইফোন চাওয়ার পেছনে ওই যুবকের আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প বেশ শক্তিশালী বলেই মনে হচ্ছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও ওই যুবক শেষ পর্যন্ত প্রতিশ্রুত আইফোন হাতে পেয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন