ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুনের ঘটনায় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছিল, তা সঠিক নয় বলে জানিয়েছে প্রশাসন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে ছয়জনের মৃত্যুর তথ্য ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছিল ব্যাপক আতঙ্ক ও বিভ্রান্তি। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির জানান, পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর তথ্য সম্পূর্ণ অসত্য। তিনি বলেন, হাসপাতালের জরুরি বিভাগে থাকা দুজনের মরদেহ স্বাভাবিক রোগী হিসেবে মৃত্যুর ঘটনা। এছাড়া আরও দুজনের মৃত্যুর বিষয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে, সেটি যাচাই করে দেখা হচ্ছে।
এর আগে সোমবার বিকেল পৌনে ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের একটি নষ্ট লিফট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়া ভবনের আটতলা পর্যন্ত ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে অনেকে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়িতে অন্তত ২০ জন আহত হন। তবে নারী ও শিশুসহ রোগীদের নিরাপত্তাকর্মীদের সহায়তায় ভবন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের তিনটি ইউনিট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার পরপরই পদদলিত হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্যে এখন সেই মৃত্যুর খবরকে অসত্য বলে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আরও দুজনের মৃত্যুর তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন