ইউরোপের শেনজেন ভিসার আদলে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে একই ভিসায় ভ্রমণের সুযোগ তৈরি হতে যাচ্ছে। ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ চালু হলে একটি ভিসা বা অনুমতিপত্র নিয়েই আন্তর্জাতিক পর্যটকরা জিসিসিভুক্ত ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ‘নিরাপত্তা ও ইতিহাস সংলাপ ২০২৬’-এর একটি বিশেষ অধিবেশনে এই উদ্যোগের অগ্রগতির কথা জানিয়েছেন গালফ কো-অপারেশন কাউন্সিলের মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইবি।
প্রস্তাবিত একক ভিসার আওতায় থাকবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত। অর্থাৎ পর্যটকদের প্রতিটি দেশের জন্য আলাদা ভিসা নেওয়ার প্রয়োজন হবে না। একটি ভিসার মাধ্যমেই ছয় দেশে ভ্রমণের সুযোগ মিলবে। সংশ্লিষ্টদের মতে, এই ব্যবস্থা চালু হলে মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে বড় পরিবর্তন আসতে পারে। একই ভিসায় একাধিক দেশ ঘুরে দেখার সুযোগ থাকায় আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ পরিকল্পনা আরও সহজ হবে। পাশাপাশি দেশগুলোর মধ্যে পর্যটন ও অর্থনৈতিক কার্যক্রমও বাড়তে পারে।
তবে কবে থেকে এই ভিসার আবেদন শুরু হবে, ভিসার মেয়াদ কতদিন থাকবে, আবেদন ফি কত হবে এবং আবেদনের নিয়ম কী হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। বর্তমানে জিসিসিভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো একক ভিসা প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কাজ করছে। সব প্রস্তুতি শেষ হলে বহুল প্রতীক্ষিত এই ভ্রমণ সুবিধা চালু হওয়ার কথা রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন