সৌদি আরব ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারসহ বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটন, অবকাঠামো ও সংস্কৃতি খাতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরকালে প্রথমবারের মতো ফ্রাঙ্কো-সৌদি কৌশলগত অংশীদারত্ব পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরই এসব চুক্তি সই করা হয়।
নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় আধুনিক প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশ সহযোগিতা করবে। পাশাপাশি সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রশিক্ষণ এবং সামরিক শিক্ষায় অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ বাড়বে। সৌদির প্রাচীন মরূদ্যান শহর আলউলার উন্নয়ন ও সংরক্ষণে বিদ্যমান সহযোগিতা চুক্তিও সংশোধন ও সম্প্রসারণ করেছে দুই দেশ। নতুন চুক্তির আওতায় ২০৩৫ সাল পর্যন্ত প্রত্নতত্ত্ব, সংস্কৃতি, পর্যটন, প্রশিক্ষণ, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে সহযোগিতা অব্যাহত থাকবে।
এদিকে প্যারিস অঞ্চলের সার্জি-পন্তোয়াজ শহরে কিদ্দিয়া বিনিয়োগ প্রকল্পে ৬ বিলিয়ন ইউরো বা প্রায় ৭ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি হয়েছে। প্রকল্পের আওতায় বিনোদন পার্ক, আবাসন, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে প্রায় ২২ হাজার কর্মসংস্থান তৈরি হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও অন্যান্য উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতার কাঠামো তৈরিতেও সমঝোতা হয়েছে দুই দেশের মধ্যে।
ব্যবসায়িক পর্যায়েও হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি। জেদ্দা ইসলামিক বন্দরের চতুর্থ টার্মিনাল উন্নয়নে ৪৩৪ মিলিয়ন ইউরো বিনিয়োগ করবে একটি ফরাসি শিপিং প্রতিষ্ঠান ও রেড সি গেটওয়ে টার্মিনাল।রিয়াদ মেট্রোর ৩ ও ৬ নম্বর লাইনের জন্য অতিরিক্ত ট্রেন সরবরাহে ফরাসি প্রতিষ্ঠান আলস্টমকে ৫০০ মিলিয়ন ইউরোর চুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি সৌদি আরবে নতুন একটি ট্রেন সংযোজন কারখানা স্থাপনের বিষয়েও চুক্তি হয়েছে।
ফরাসি পারমাণবিক জ্বালানি প্রতিষ্ঠান ওরানো এবং সৌদি খনি কোম্পানি মাআদেন প্রযুক্তি উন্নয়ন ও কৌশলগত সহযোগিতায় সম্মত হয়েছে। একইভাবে ফরাসি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান মিস্ত্রাল এআই ও সৌদি প্রতিষ্ঠান হিউমেইন কম্পিউটিং সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরি ও বাণিজ্যিকীকরণে দীর্ঘমেয়াদি সহযোগিতার কাঠামো গড়তে সম্মত হয়েছে।
এ ছাড়া সৌদি এনার্জির বিভিন্ন প্রকল্পে সর্বোচ্চ ৩ বিলিয়ন ডলার এবং রিয়াদ মেট্রো, আলউলার শারান হোটেলসহ অন্যান্য প্রকল্পে প্রায় ৫ বিলিয়ন ডলারের অর্থায়নের ব্যবস্থা করেছে ফরাসি রাষ্ট্রীয় সংস্থা বিপিফ্রান্স অ্যাসুরেন্স এক্সপোর্ট। এয়ারলাইনসের জন্য চারটি এয়ারবাস উড়োজাহাজ কেনার অর্থায়ন নিয়েও সৌদি গ্রুপ, সৌদি এক্সিম ব্যাংক ও ক্রেডিট অ্যাগ্রিকোল সিআইবির মধ্যে সমঝোতা হয়েছে।
এদিকে ২০৩০ সালের রিয়াদ এক্সপো ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক বড় আয়োজন পরিচালনার অভিজ্ঞতা বিনিময়েও দুই পক্ষ সহযোগিতায় সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি বিনিয়োগ বাড়ানো ও সহজ করতে সৌদি বিনিয়োগমন্ত্রী ফাহাদ বিন আবদুল জলিল আল-সাইফ এবং ফরাসি অর্থমন্ত্রী রোলাঁ ল্যস্কুরও একটি সমঝোতা স্মারক সই করেছেন। এতে বিনিয়োগের সুযোগ, কৌশলগত প্রকল্প ও সংশ্লিষ্ট বিধিবিধান নিয়ে তথ্য বিনিময় এবং বিনিয়োগকারীদের সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: আরব নিউজ ও আল জাজিরা
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন