অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ২৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। ডারউইনে অবিশ্বাস্য জয়ের পর ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশায় ম্যাকাই টেস্টে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে টস হেরে ব্যাটিংয়ে নামার পর শুরু থেকেই অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটাররা।
মাত্র ৬ দশমিক ৪ ওভারে ১২ রান তুলতেই বাংলাদেশের পাঁচ ব্যাটার সাজঘরে ফেরেন। এর মধ্যে একাই পাঁচ উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। মাত্র ২২ বলের মধ্যে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার পুরোপুরি ভেঙে দেন এই অজি পেসার। স্টার্ক চার ওভার বল করে তিনটি মেডেনসহ মাত্র চার রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন। এর আগে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও মাত্র ১৫ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।
বাংলাদেশের ইনিংসে শুরুতেই আঘাত হানেন ক্যামেরন গ্রিন। প্রথম বলে সাদমান ইসলামকে ফেরান তিনি। এরপর মিচেল স্টার্কের ওভারে টানা দুই বলে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। প্রথম তিন ব্যাটারই কোনো রান না করেই আউট হন। এরপর মুমিনুল হক ৯ রান করে স্টার্কের শিকার হন। মাত্র পাঁচ বল খেলে কোনো রান না করেই আউট হন লিটন দাস।
একপর্যায়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ডের আশঙ্কা দেখা দেয়। তবে সেই শঙ্কা আপাতত কাটিয়ে উঠেছে বাংলাদেশ। তবে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার রেকর্ড এড়াতে এখনও আরও রান প্রয়োজন। মুশফিকুর রহিম ৪২ বলে মাত্র ৫ রান করে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন। এতে ২১ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ কিছুটা প্রতিরোধ গড়েন। তাদের অবিচ্ছিন্ন ১৪ রানের জুটিতে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। মিরাজ ১১ এবং হাসান মাহমুদ ৮ রানে অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন শরিফুল ইসলাম। তিনি ইবাদত হোসেনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন।
বাংলাদেশ একাদশে রয়েছেন সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়া একাদশে রয়েছেন ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন